রোহিঙ্গাদের রয়েছে ইউটিউব-ফেসবুক-অনলাইন পোর্টাল
নিজেদের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার জন্য সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টাল। আর ঠিকই এই তিনটি সমান তালে চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যার নাম রোহিঙ্গা টিভি।
এছাড়া চ্যানেলটিতে ১৯ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। যাতে স্লোগান হিসেবে লেখা রয়েছে, ‘নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গাদের কথা বলতে আমরা আসছি শীঘ্রই…’।
এছাড়া অনলাইন পোর্টালও রয়েছে যার নামও রোহিঙ্গা টিভি। যেখানে বাংলা, আরাকান ও বার্মিজ ভাষায় নিয়মিত নিজেদের ‘বার্তা’ ছড়িয়ে দিচ্ছেন তারা। এভাবে করেই দিনে দিনে রোহিঙ্গারা নিজেদের অবস্থান ও নেটওয়ার্ক শক্তিশালী করে তুলছে। ফেসবুকে রোহিঙ্গাদের যে পেজটি বেশি সক্রিয় তার নাম রোহিঙ্গা টিভি। পেজের কাভার ফটো হিসেবে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ ও নিধন অভিযানের চিত্র বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
রোহিঙ্গা টিভি নামের ‘সংবাদভিত্তিক’ ওই ইউটিউব চ্যানেলটিতে মোট ৩৬টি ভিডিও আপলোড করা হয়েছে। যার মধ্যে ৩১টি ভিডিও আপলোড হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। আর একটি আপলোড করা হয় গত আগস্টে। বাকি চারটি চলতি মাসের প্রথম চারদিনে আপলোড করা হয়েছে।
গত ৩০ আগস্ট রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ’র একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে রোহিঙ্গা টিভির ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবসের স্মরণসভা নিয়ে নানা মন্তব্য করেন।